১০ এপ্রিল ২০১৫ - ১৭:৪৮
ইয়েমেনে সৌদি আরব পরাজিত হবেই: আয়াতুল্লাহ খাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের সম্ভাব্য চূড়ান্ত পরমাণু চুক্তি হতে হবে শতভাগ স্পষ্ট।

আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের সম্ভাব্য  চূড়ান্ত পরমাণু চুক্তি হতে হবে শতভাগ স্পষ্ট। সেখানে কোনো দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করা যাবে না। আজ তেহরানের জুমার নামাজের খোতবায় তিনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ খাতামি আরো বলেন- ইরানের পরমাণু আলোচক দল শুধু পরমাণু ইস্যুতেই আলোচনার অধিকার রাখে। অন্য কোনো ইস্যুতে নয়। তিনি বলেন, ইরানের সমরাস্ত্র খাতের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে। কারণ সামরিক খাত হচ্ছে দেশের শক্তি ও দৃঢ়তার প্রতীক।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা প্রসঙ্গে তেহরানের জুমার নামাজের খতিব বলেন- যারা বলেন যে সর্বোচ্চ নেতা আলোচনার খুঁটিনাটি বিষয় সম্পর্কেও অবহিত আছেন তারা ভুল করছেন। কারণ সর্বোচ্চ নেতা সার্বিক নীতিমালা ও রেডলাইন নির্ধারণ করে বাকীটা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ছেড়ে দিয়েছেন।
ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রতি ইঙ্গিত করে পরমাণু আলোচক দলের উদ্দেশে আয়াতুল্লাহ খাতামি বলেন, ওই পক্ষের প্রতিশ্রুতিভঙ্গের বিষয়ে সতর্ক থাকুন। নিষেধাজ্ঞাগুলো অবিলম্বে প্রত্যাহারের অবস্থানে অটল থাকতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ছয় মাস বা এক বছরের সময়সীমা মেনে নেবেন না।
সৌদি নেতাদের যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরব ইহুদিবাদীদের পক্ষে ইয়েমেনে প্রক্সি যুদ্ধ করছে এবং ইয়েমেনে আগ্রাসনের লক্ষ হচ্ছে দেশটিকে ধ্বংস করা। তিনি বলেন, সৌদি সরকারের বিরুদ্ধে ইয়েমেনের জনগণের ঘৃণা ক্রমেই বেড়ে চলেছে এবং ইয়েমেনে সৌদি আরব পরাজিত হবেই।#